সোমবার, 9 নভেম্বর 2026
সকল বিভাগ

কুষ্টিয়ায় বাসায় ফেরার পর স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, শনাক্ত হামলাকারী

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক তরুণ। গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কুষ্টিয়ায় বাসায় ফেরার পর স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, শনাক্ত হামলাকারী
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক তরুণ। গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

আহত ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় থাকে সে।

পুলিশ জানায়, সোমবার স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফেরে ওই ছাত্রী। দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসার ফটকের সামনে দাঁড়িয়ে কলবেল চাপছিল সে। এ সময় পেছন থেকে এক তরুণ ধারালো ছুরি দিয়ে তাকে একের পর এক আঘাত করেন। ছুরির আঘাত ঠেকাতে হাত দিয়ে চেষ্টা করার পাশাপাশি চিৎকার করতে থাকে ছাত্রীটি। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যান ওই তরুণ।

কিছুক্ষণ পর বাসার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আপাতত সে শঙ্কামুক্ত।

ছাত্রীর বাবার অভিযোগ, এক তরুণ বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাঁর মেয়েকে বিরক্ত করতেন। এ ঘটনায় হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, ওই ছাত্রী বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের একজন। তার ওপর হামলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

ওসি জাকির হোসেন বলেন, ঘটনার পর পুলিশ আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে। সেগুলো দেখে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।