সোমবার, 9 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও দোকানে আগুন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতসহ অন্তত আটটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মিরপুরের সরকারি বাংলা কলেজ এলাকার কয়েকটি দোকানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতসহ অন্তত আটটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মিরপুরের সরকারি বাংলা কলেজ এলাকার কয়েকটি দোকানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পোস্তাগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি ভ্যানেও অগ্নিসংযোগ করা হয়েছে।

রাজধানীর বাইরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গাজীপুরের চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনের বিস্ফোরণের ঘটনায় রোববার (৮ নভেম্বর) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ১৫ জনকে আটক করেছে।

সোমবার দিনের প্রথম ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় রাজধানীর মহাখালী এলাকায়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি আমতলী এলাকায় পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।

এর কিছুক্ষণ পর সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রাবণ ও রবিন। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করার পাশাপাশি তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, বিস্ফোরণের পর উপস্থিত জনতা জড়িত সন্দেহে সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫) নামের দুজনকে আটক করেন। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে মোটরসাইকেলসহ দুজনকে আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববারের পর সোমবার সন্ধ্যাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসির মেট্রো স্টেশনের নিচে ব্যাগভর্তি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা একজনকে হাতেনাতে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা একজনকে আটক করেন। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল টিম তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করেছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রায় একই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং আগুনে দোকানগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া উত্তরায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা-ও জানা যায়নি। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনেও ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেয় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং যাত্রীদের স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার সময় বাসে চালক, চালকের সহকারী কিংবা কোনো যাত্রী ছিলেন না।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানায়, মেট্রো স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। ধোঁয়া স্টেশনের ভেতরে ঢুকে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার কারণে স্টেশনটি প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি ভ্যানে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, ভ্যানচালক ব্রিজের মাঝামাঝি এলাকায় ভ্যানটিতে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি একটি সোফা ছিল। আগুনে কেউ হতাহত হননি।

ঢাকার বাইরেও ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকার কাজলী ফার্মের পাশে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় একাধিক অভিযান চালিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে রূপনগর থানা-পুলিশ। সোমবার সকালে বনশ্রীর ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং এসআরইউ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।