সোমবার, 9 নভেম্বর 2026
সকল বিভাগ

পাবনায় সার বিতরণকেন্দ্রে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিতরণকেন্দ্র থেকে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবেও লুট হওয়া সারের পরিমাণ ৬১১ বস্তা বলে উল্লেখ করা হয়েছে।

পাবনায় সার বিতরণকেন্দ্রে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিতরণকেন্দ্র থেকে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবেও লুট হওয়া সারের পরিমাণ ৬১১ বস্তা বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনের ওই টিনশেড ঘরে মেসার্স প্রদীপ কুমার পালের ডিলারশিপের সার বিতরণ করা হচ্ছিল। সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত লোকজন ডিলারের ঘর ভাঙচুর করে ভেতরে থাকা সার নিয়ে চলে যায়। এতে সার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হয়।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, ঘটনার সময় ঘরটিতে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল। ঘটনার পর সেখানে ৪০০ বস্তা সার অবশিষ্ট পাওয়া যায়। সে হিসাবে ৬১১ বস্তা সার লুট হয়েছে।

তিনি বলেন, “ঘটনাটির পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

সার বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ডিলার প্রবীর কুমার পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর চাচা সঞ্জিত পাল বলেন, “ঘটনার পর প্রবীর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ভীত হয়ে পড়েছেন।”

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মাইকিং করে সার নিয়ে যাওয়া ব্যক্তিদের তা দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানানোর কাজ করে। তবে এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।”

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, “কৃষি কর্মকর্তা ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”