সোমবার, 9 নভেম্বর 2026
সকল বিভাগ

পাকিস্তানে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে টিভি উপস্থাপিকার মৃত্যু, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে টেলিভিশন সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানের (৪১) মরদেহ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।

পাকিস্তানে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে টিভি উপস্থাপিকার মৃত্যু, আটক স্বামী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে টেলিভিশন সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানের (৪১) মরদেহ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুখেরা সাংবাদিকদের জানান, আদিয়ালা রোডে অবস্থিত নিজ বাড়ির শোয়ার ঘর থেকে রাবিয়াকে উদ্ধার করা হয়। তাঁর ঘাড়ের নিচে গুলির আঘাত ছিল।

দুই কন্যাসন্তানের মা রাবিয়া পাকিস্তানের ‘৯২ নিউজ’ টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করতেন। তাঁর স্বামী আহসান তাহির ‘ওভারসিজ পাকিস্তানিস ফাউন্ডেশন’-এর (ওপিএফ) উপপরিচালক হিসেবে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এজাহারের (এফআইআর) অনুলিপি অনুযায়ী, রোববার বিকেল ৩টার দিকে নিজের শোয়ার ঘরেই গুলিবিদ্ধ হন রাবিয়া। ঘটনার সময় তাঁর মা ও বোন বাড়িতেই ছিলেন। তাঁরা বাড়ির সামনের লনে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলউইনা শোয়ার ঘরে ছুটে যান। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামী তাহিরের হাতে একটি পিস্তল ছিল।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামার প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন আহসান তাহির। তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক।

তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরীক্ষা করেছেন। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে একটি পয়েন্ট ৩০ বোরের পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাড়ির এক পুরুষ পরিচারক পুলিশকে জানিয়েছেন, ভুলবশত গুলি চলেছে বলে দাবি করেছিলেন তাহির। তবে জিজ্ঞাসাবাদের সময় জব্দ করা আগ্নেয়াস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি তিনি।

পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে পাকিস্তানের দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে গুলি চলেছিল এবং হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের সব দিক বিবেচনা করে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

রাবিয়া আহসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি দায়ীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিন মাস আগে হিনা জাভেদ নামে আরেক পেশাজীবী নারী হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন আসিফা। তাঁর মতে, একই শহরে কর্মজীবী নারীদের একের পর এক হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এক বিবৃতিতে আসিফা বলেন, “তিন মাসেরও কম সময় আগে হিনা জাভেদ খুন হয়েছিলেন, সেই তদন্তের ফল আজও অধরা। এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে নজর দেওয়া এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন। নারীরা যাতে প্রাণভয় ছাড়াই বাঁচতে এবং কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”