শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার এবং চট্টগ্রামে একটি করে হাসপাতাল স্থাপন করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যেই প্রাথমিকভাবে ছয়টি হাসপাতালে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর মধ্যে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এসব এলাকায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করা হবে। তিনি বলেন, ‘এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’ হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায়ও শ্রমিকদের বিশেষায়িত চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় রাখা হবে।
বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে পুরোপুরি আমদানিনির্ভর করা হয়। একই সময়ে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যার কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে দেশের চিকিৎসাব্যবস্থাকে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা গণতান্ত্রিক সরকারের সময়ে যতটুকু এগিয়েছিল, স্বৈরাচারী শাসনামলে তা পুরোপুরি ধ্বংসের মুখে পড়ে। একপর্যায়ে দেশের মানুষকে চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিশেষ একটি দেশে যেতে হতো।
তিনি বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তাই শ্রমিকসহ সব মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কিছুদিন আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।