সোমবার, 9 নভেম্বর 2026
সকল বিভাগ

ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের
ছবি: সংগৃহীত

‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন বলে সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সভার সূত্র জানায়, প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাঁদের মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বৈঠকে অবহিত করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

এর আগে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবরের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অন্যদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত এটিই প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে।