বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠার পর আলোচনায় এসেছেন অ্যালিস হুয়াং। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগও উঠেছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এনভিডিয়াপ্রধানের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বেইজিং তাঁকে নিয়োগ করেছিল। হুয়াং লি নামেও পরিচিত এই নারী সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রকাশ্যে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।
কে এই অ্যালিস হুয়াং
যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউইয়র্ক টাইমস প্রথম তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের খবর প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার প্রধানের ওপর নজরদারি এবং তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য বেইজিং অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন।
নামের শেষাংশে মিল থাকলেও তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অ্যালিস সাবলীল ইংরেজি বলতে পারেন। বৈশ্বিক এআই চিপ শিল্পের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও তাঁর ভালো যোগাযোগ রয়েছে।
অ্যালিস হুয়াং হুয়াং লি নামেও পরিচিত। তিনি চীনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের শীর্ষ নির্বাহী ছিলেন।
চীনের একটি তহবিল ডেটাবেসে অ্যালিসের ছবি সংবলিত একটি প্রোফাইল পাওয়া গেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি আগে এইচএসবিসিতে চাকরি করেছেন। এ ছাড়া চীনের সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবে প্রোফাইলের তথ্য এবং এটি কে তৈরি করেছেন, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক যেভাবে সামনে এল
গত সপ্তাহে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এনভিডিয়াপ্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে আসে। গত রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি ‘অবিশ্বস্ত’ ছিলেন। এ ভুলের জন্য পরিবার ও কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রথম কবে দেখা হয়েছিল কিংবা তাঁদের সম্পর্ক কত দিন স্থায়ী ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে তাঁদের পাশাপাশি বসে থাকার ছবি পাওয়া গেছে। ওই ছবিতে গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে তাঁদের পানীয় পান করতে দেখা যায়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড কোটি কোটি ডলার মূল্যের উন্নত এআই মাইক্রোচিপ কেনা শুরু করে।
২০২৪ ও ২০২৫ সালে প্রযুক্তি খাতের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও সরাসরি সম্প্রচারিত ভিডিওতেও তাঁদের একসঙ্গে দেখা গেছে।
তাইওয়ানের তাইপেতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে থাকা নারী অ্যালিস হুয়াং বলে রয়টার্সের একটি সূত্র নিশ্চিত করেছে। ছবিটি ২০২৪ সালের ৭ জুনের।
এনভিডিয়া পর্ষদের স্বাধীন তদন্ত
জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। গত রোববার প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন হুয়াং। তবে পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপনীয়তা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করার মতো কোনো কারণ এখনো পাওয়া যায়নি।
মেগাস্পিড কী ধরনের প্রতিষ্ঠান
নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা গত বছর এই সিদ্ধান্তে পৌঁছান যে অ্যালিস হুয়াং গুপ্তচর হিসেবে জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু করেছিলেন।
সে সময় অ্যালিস মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে জানা যায়। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে এআই মডেল পরিচালনার জন্য কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেয়।
মেগাস্পিডের দাবি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ক্লাউড ব্যবসার অন্যতম প্রধান অংশীদার তারা। সিঙ্গাপুর সরকারের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে পরিচিত ছিল। এতে চীনের গেমিং কোম্পানি সেভেনরোডের সঙ্গে প্রতিষ্ঠানটির যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়।
মেগাস্পিডের ভূমিকা নিয়ে প্রশ্ন
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনে এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেগাস্পিডের মাধ্যমে চীনে এনভিডিয়ার চিপ সরবরাহ করা হচ্ছিল কি না, তা নিয়ে ২০২৪ সাল থেকেই তদন্ত করছে ওয়াশিংটন। এ ছাড়া ২০২৫ সালে সিঙ্গাপুরের কর্তৃপক্ষও প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজখবর নেয় এবং অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করে।
চিপ পাচারের এই তদন্ত নিয়ে গত বছর প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। তবে ২০২৫ সালের ডিসেম্বরে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে মেগাস্পিড। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর ইঙ্গিত দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেগাস্পিডের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে দেখা যায়, সেটি আসলে একটি আবাসিক বাসার নম্বর। ফোনে সাড়া দেওয়া ব্যক্তি জানান, তিনি এই কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না।
এ বিষয়ে মন্তব্য জানতে সিঙ্গাপুর পুলিশ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।