২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে। সাত সদস্যের একটি কমিটির অনুসন্ধানে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। অধিকতর তদন্তের জন্য কমিটির প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রীর পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তবে মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম।
মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রমে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এসব কার্যক্রমের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।
কমিটি দৈবচয়নের ভিত্তিতে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে। পর্যালোচনায় সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকার গুরুতর অনিয়মের তথ্য পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।