চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করে আলোচনায় আসা ইমতিয়াজ সুলতান ইকরাম গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় তাঁর পেটে গুলি করা হয়।
আহত ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিল তাঁর পরিবার।
চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, “প্রাথমিক ভাবে জেনেছি মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে এসেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে।”
ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি বলেন, “দুপুরে বাসা থেকে নিচে নেমেছিলেন ইকরাম। এসময় তাকে গুলি করা হয়।”
হামলার জন্য সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তাঁর অনুসারী রায়হান, সাবের এবং ইসমাইলকে দায়ী করেছেন স্মৃতি। তিনি বলেন, “এর আগেও বিভিন্ন সময়ে তারা ইকরাম ও আমাকে হুমকিয়ে দিয়ে আসছিল। এসব ঘটনায় আমরা বিভিন্ন সময়ে মামলাও করেছিলাম। তারা আমার স্বামীকে অস্ত্র নিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করিয়েছিল।”
এর আগে গত বছরের ১৪ নভেম্বর বিদেশি নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ইকরামকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী। ওই বার্তায় লেখা ছিল, “খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।”
সেই হুমকির জন্য সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন ইকরাম।
চলতি বছরের ২০ মার্চ ইকরামের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী স্মৃতি। সেখানে তিনি দাবি করেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিংক রোড থেকে ইকরাম ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব। তখন র্যাবের দাবি ছিল, ইকরামের কাছ থেকে ৭ দশমিক ৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তবে ওই ঘটনায় ইকরামের স্ত্রী দাবি করেছিলেন, তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে।