সোমবার, 9 নভেম্বর 2026
সকল বিভাগ

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক, বহিষ্কার

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে আটক করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক, বহিষ্কার
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে আটক করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই সঙ্গে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম বায়জিদ হোসেন ওরফে মিঠু। তিনি উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিব তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বায়জিদের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ফাঁক দিয়ে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

শনিবার রাত ১০টার দিকে উজিরপুর পৌর এলাকায় এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়জিদ গোপনে তাঁর ভিডিও ধারণের চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি টের পেয়ে ওই নারী চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে বায়জিদকে আটক করেন।

এ সময় তাঁর মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয়রা। পরে উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তাঁর ফোনের দুটি গ্যালারিতে অনেক পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়জিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।