আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও দলটির সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন বলে মাইকিং করার ঘটনায় নওগাঁর মান্দা উপজেলায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশার পেছনে মাইক বাঁধা রয়েছে। অটোরিকশাটি চালাচ্ছেন একজন, আর পেছনের যাত্রীর আসনে বসে আছেন দুজন। তাঁদের একজন মাইকে বক্তব্য দিচ্ছেন। শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে ফিরবেন। এ সময় দল-মতনির্বিশেষে সবাইকে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই মান্দা থানা-পুলিশ তদন্তে নামে। প্রাথমিকভাবে জানা যায়, মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আসলাম হোসেনসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে দাঁড়িয়ে মাইকিং করেন। সেখানে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার চালিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার রাতেই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের বাসিন্দা জলিল সরকারকে আটক করা হয়েছে। মাইকিংয়ের বিষয়ে তাঁরা অবগত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশা ও রেকর্ডিং-সংক্রান্ত সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাইকিংয়ের সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।