কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটক নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এবার শহরের একটি হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস হোটেলের নিচতলার পার্কিং এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আগুন লাগার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন।
তিনি বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।