বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী কামাল উদ্দিন আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি আদালতে তাঁকে হাজির করা হলে আদালত মুক্তির আদেশ দেন।
এর আগে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, এর আগে তাঁর বাড়ির বাইরে একদল লোক জড়ো হয়ে মব হামলার চেষ্টা করেছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-বন্দর) সোহেল রানা বলেন, ‘মেট্রোপলিটন আইনের ৯৯ ধারায় কামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছিল।’
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মুক্তির পর কামাল গণমাধ্যমকে বলেন, ‘১৯ নভেম্বর আওয়ামী লীগের নতুন অবরোধ কর্মসূচির সমালোচনা করায় মুখোশধারী একদল লোক আমার ওপর মব হামলা চালানোর চেষ্টা করেছিল।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে প্রশাসন আমাকে উদ্ধার করে এবং পরে আদালতে পাঠায়। পরে আদালত আমাকে মুক্তি দেন। আমি আরও মব হামলার আশঙ্কা করছি।’
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কামাল উদ্দিন নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে বিভিন্ন ভিডিও পোস্ট করে আসছেন। এসব ভিডিওতে তিনি বিদেশে অবস্থানরত দলটির জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করতেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে তিনি আলোচনায় আসেন।