রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে একুশে বইমেলা, শুরু ৭ তারিখ

আগামী বছর ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে শুরু হবে অমর একুশে বইমেলা। আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তে মেলা শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে

ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে একুশে বইমেলা, শুরু ৭ তারিখ
ছবি: সংগৃহীত

আগামী বছর ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে শুরু হবে অমর একুশে বইমেলা। আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তে মেলা শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার তারিখ ঘোষণা করে। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

চলতি বছর অমর একুশে বইমেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা পিছিয়ে দেওয়া হয়েছিল।

আগামী বছরের বইমেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় গত ১৩ অক্টোবর। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত বইমেলা আয়োজনবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা ও তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

বইমেলা শুরুর তারিখ এগিয়ে আনার বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, এ বিষয়ে তাঁদের আলাদা কোনো মন্তব্য নেই। প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তারিখ চূড়ান্ত করা হয়েছে। সে অনুযায়ী মেলার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।