কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত জানায়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন পাঁচ বছর আগে গ্রেপ্তারও হয়েছিলেন।
চাকরি হারানো অন্য ছয় কর্মকর্তা হলেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. নাজমুল ইসলাম, রংপুর জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান এবং সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।
এর আগে গত ৩১ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন উর রশিদসহ আট কর্মকর্তা একই ধরনের আদেশে চাকরি হারান।
কার বিরুদ্ধে কী অভিযোগ
প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রথমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো জবাব না পাওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নাজমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের ১৮ থেকে ২২ এপ্রিল ছুটি কাটানোর জন্য ১৭ এপ্রিল কর্মস্থল ত্যাগ করেন তিনি। তবে ছুটি শেষে আর কর্মস্থলে ফেরেননি। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে।
রংপুর জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের ২৩ আগস্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একজন এএসআই ও এক কনস্টেবলকে নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে যান তিনি। সেখানে লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে নেন।
অভিযোগ অনুযায়ী, তাঁদের দুই দিন বিভিন্ন স্থানে ঘোরানোর পর এক ব্যক্তির বাসায় আটকে রেখে টাকা দাবি করা হয়। এ ছাড়া রংপুর কোতোয়ালি থানায় লুৎফর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে একটি ভুয়া মামলা করানো হয়। পরে চিরিরবন্দর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই পুলিশ কর্মকর্তাসহ অন্যদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ আনা হয়েছে সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে।
সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১৩ অক্টোবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলে কর্মস্থল ছাড়েন তিনি। তবে হাসপাতালে যাননি। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরে তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ছয় দিনের ছুটি নিয়ে ১২ সেপ্টেম্বর গাইবান্ধার কর্মস্থল ত্যাগ করেন। এরপর আর কর্মস্থলে যোগ দেননি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে গুরুদণ্ড হিসেবে তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৬ সালের ২৪ জানুয়ারি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে তাঁকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। এরপর তিনি রংপুরের কার্যালয়ে প্রায়ই অনুপস্থিত থাকতেন। পরের বছর ২৯ মে থেকে তিনি স্থায়ীভাবে কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন। যোগাযোগের চেষ্টা করেও তাঁকে না পাওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানের বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, এর পরদিন ৩০ জানুয়ারি তিনি অধস্তন এক কর্মকর্তাকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য বার্তা পাঠান। ৩১ জানুয়ারি আবার ওই কর্মকর্তাকে বার্তা দিয়ে তাঁকে অসুস্থ হিসেবে মর্নিং রিপোর্টে উল্লেখ করতে বলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।