শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

ভারতের সঙ্গে বাণিজ্য বৈঠক, বুধবার দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা

দুই দেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যে প্রায় তিন বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজিটি) বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে অংশ নিতে বুধবার দিল্লি যাচ্ছেন বাংলাদেশের ১০ কর্মকর্তা। আগামী ৮ ও ৯ অক্টোবর দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের সঙ্গে বাণিজ্য বৈঠক, বুধবার দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

দুই দেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যে প্রায় তিন বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজিটি) বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে অংশ নিতে বুধবার দিল্লি যাচ্ছেন বাংলাদেশের ১০ কর্মকর্তা। আগামী ৮ ও ৯ অক্টোবর দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। মঙ্গলবার এ সফরের সরকারি অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, কর্মকর্তারা ৭ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ১০ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে দেশে ফিরবেন।

প্রতিনিধি দলে রয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ, এনবিআরের প্রতিনিধি ও বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মামুন-উর-রশিদ আসকারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-১) বাকী বিল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেরিনা সুলতানা এবং বিএসটিআইয়ের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো, আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সাধারণত বছরে একবার জেডব্লিউজিটির বৈঠক হওয়ার কথা থাকলেও সর্বশেষ ১৫তম বৈঠক হয়েছিল ২০২৩ সালের ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকায়। এর আগে ১৪তম বৈঠক ২০২২ সালের ২ ও ৩ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে শীতলতা তৈরি হয়। এর প্রভাব পড়ে নিয়মিত এই বৈঠকের ওপরও। এরপর আর জেডব্লিউজিটির বৈঠক হয়নি।

দুই দেশের বাণিজ্য সম্পর্কেও এ সময়ে নানা বাধা তৈরি হয়। ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করে। তবে সমুদ্রপথে আমদানির সুযোগ রাখা হয়। এর কয়েক সপ্তাহ পর ভারত স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও পিভিসিসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। একই বছরের জুনে পাট ও কয়েক ধরনের বস্ত্রজাত পণ্যের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আগের জেডব্লিউজিটি বৈঠকগুলোতে স্থলবন্দর ও ইন্টিগ্রেটেড চেকপোস্টের অবকাঠামো উন্নয়ন, বন্দরসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার, সীমান্ত হাট চালু, রেলপথে পণ্য পরিবহন, আঞ্চলিক যোগাযোগ এবং পণ্যের মান সমন্বয় ও পারস্পরিক স্বীকৃতির মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে প্রস্তুতি ও যৌথ সমীক্ষা, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ও আলোচনায় এসেছে।

গত ২৪ আগস্ট বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠকে বন্ধ সীমান্ত হাট চালু, স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতায় কার্যক্রম এবং ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছিল।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে বাণিজ্য ও কনস্যুলারসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৮ ও ৯ অক্টোবর জেডব্লিউজিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কনস্যুলার বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের আরেকটি বৈঠকের তারিখ নির্ধারণ নিয়েও দুই পক্ষ কাজ করছে। ওই বৈঠকের আয়োজক হতে পারে বাংলাদেশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যবিষয়ক জেডব্লিউজিটির বৈঠকের পর দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আয়োজন করতে চেয়েছিল ঢাকা। তবে ভারতীয় পক্ষ জানিয়েছে, ট্রানজিট ও সীমান্ত বাণিজ্যসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোর বৈঠক শেষ হওয়ার পর সচিব পর্যায়ের বৈঠক আয়োজন করা হতে পারে।

কনস্যুলার বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠককেও দুই দেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ভিসাসংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধানে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি।