বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত এই জ্যেষ্ঠ সাংবাদিকের নেতৃত্বেই ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ নতুন আঙ্গিকে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম নামে যাত্রা শুরু করে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা, লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল - তিন মাধ্যমেই দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ছিল খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সাংবাদিকতা করেছেন।
দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার নেতৃত্বে ২০০৬ সালে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করে। ২০১৭ সালের এক প্রতিবেদনে বিডিনিউজকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়।
ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী।
বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন। ৪-৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল তার।’