ইরানের পক্ষ থেকে বাড়ির অবস্থান শনাক্ত করার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন ডিসির জর্জটাউনে নিজের বাসভবন থেকে সরিয়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় মার্কিন প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে স্কট বেসেন্টের জর্জটাউনের বাসভবনের একটি ছবি প্রকাশিত হয়। এরপর অনলাইনে ওই ছবির সূত্র ধরে তাঁর বাড়ির সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) শনাক্ত করা হয়। এর পরপরই তাঁকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
বিশ্ব অর্থনীতিতে ইরানকে কোণঠাসা করা, নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ জোরদারের ক্ষেত্রে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি সত্ত্বেও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তাঁর অবস্থান থেকে বিচ্যুত হবেন না। ইরানের অর্থনীতির ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপে তিনি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
জর্জটাউনের মতো অভিজাত এলাকায় ট্রাম্প প্রশাসনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি বসবাস করেন। সেখানে বেসেন্টের বাড়ির ছবি প্রকাশিত হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জয় ক্লেটন সতর্ক করে বলেছিলেন, মার্কিন নাগরিক এবং বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে ইরান তাদের গোপন তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্তরাষ্ট্রের একাধিক সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর মার্ক মিলি ও জন বোল্টনের নিরাপত্তায় নিয়োজিত সরকারি দেহরক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এতে তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে হুমকির কারণে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে আবাসন গড়ে তোলা একমাত্র কর্মকর্তা নন স্কট বেসেন্ট। ইরান সংকট গভীর হওয়ার আগেই ২০২৫ সালের শেষ দিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং সাবেক গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডও তাঁদের দায়িত্ব পালনকালে সামরিক ঘাঁটির সুরক্ষিত পরিবেশে বসবাস করেছেন।