মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

ময়মনসিংহে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামির বাড়িতে হামলা-ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন।

ময়মনসিংহে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামির বাড়িতে হামলা-ভাঙচুর
ধর্ষণের মামলার প্রধান আসামি শরীফের বাড়ি ভাঙচুর করেন ক্ষুব্ধ এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের গফরগাঁওয়েছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), তাঁর ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান। সেখানে তাঁরা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। পরে খুলে ফেলা টিনগুলো বাড়ির পাশে এনে স্তূপ করে রাখা হয়।

এর আগে পরিস্থিতি বিবেচনায় আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে বাড়ির বিভিন্ন মালামালও অন্যত্র সরিয়ে রাখা হয়। ঘটনার বিচার ও পরবর্তী করণীয় নির্ধারণে স্থানীয় বাসিন্দারা গত রোববার ও সোমবার সন্ধ্যায় বৈঠক করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গফরগাঁওয়ের ওই নারীর স্বামী প্রবাসী। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পানি ও কুড়াল চাওয়ার অজুহাতে পাঁচজন ওই বাড়ির দরজার সামনে যান। প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

এরপর ওই ব্যক্তিরা ঘরে প্রবেশ করে নারীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, প্রধান আসামির বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে পলাতক অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: পুলিশ ও মামলার এজাহার