শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পূজার সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, গত ১৬ বছর দলটি ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ছিল এবং ভারতের আশ্রয়-প্রশ্রয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, বর্তমানে দলটির নেতারা ভারতে অবস্থান করে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
রাশেদ খাঁন বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার কথাও বলেন।
এর আগে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।