বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন স্পিকার

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করায় জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বাড়ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন স্পিকার

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করায় জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বাড়ছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। দীর্ঘমেয়াদে তাঁদের অবস্থানের কারণে দেশের অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে এবং উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্থাটির বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায়ও অবদান রাখা হচ্ছে।

বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনেও বিগত সরকারের শাসনামলের ভয়াবহ চিত্র উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

স্টিফেন রড্রিকস জানান, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক কোর্স ও প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত। বিশেষ করে সংসদ সদস্যদের মাধ্যমে লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন এবং ই-পার্লামেন্ট চালুর বিষয়ে সংস্থাটি আগ্রহী।

সাক্ষাৎকালে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি এবং জ্বালানি ইস্যু নিয়ে আলোচনা হয়।

এ সময় স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রতিটি বিলের আলোচনায় বিরোধী দলের সদস্যরা নিজেদের মতামত তুলে ধরছেন। সংসদের নারী সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এবং সংসদীয় কার্যক্রমে তাঁদের ভূমিকা প্রশংসনীয়।

স্পিকার আরও জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে পরবর্তী চার বছরের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ ইউএনডিপি ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।