জুলাই আন্দোলনে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে নেওয়ার সময় তাঁর প্রিজনভ্যান ঘিরে ডিম নিক্ষেপ ও ঝাড়ু মিছিল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। পরে কিশোর মোতালেব হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান আদালত প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং ঝাড়ু মিছিল করেন। পরিস্থিতির মধ্যে দ্রুত প্রিজনভ্যানটি আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় তাঁরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম তাঁদের নেতৃত্ব দেন।
সন্ধ্যা ৬টার দিকে খোকনকে এজলাসে তোলা হয়। প্রায় ছয় মিনিট পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠেন। বিচারককে দেখে সাঈদ খোকন বলতে থাকেন, “আমি কিছু বলতে চাই।” সামনে থাকা পুলিশ ও আইনজীবীদের কাছেও একই কথা বলেন তিনি। পরে এক আইনজীবী তাঁকে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন।
এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাকে যেন চেনা না যায়, এ জন্য চুল, দাড়ি বড় করে রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং, হত্যাসহ ৩০টির বেশি মামলা রয়েছে। ঢাকা দক্ষিণে বিভিন্ন নাশকতা, মিছিল, মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।
“এ আসামি হত্যা মামলার এজাহারনামীয়। পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাকে খুঁজে পায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।”
সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিলের আবেদন করেন। একই সঙ্গে জামিনের আবেদনও জানান তিনি। আইনজীবী বলেন, “এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিক নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থণা করছি।”
মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, “তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।”
এ সময় সাঈদ খোকন হাত তুলে বলেন, “মাই লর্ড, কথা বলতে চাই।” তবে তাঁকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। পরে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে খোকনকে প্রিজনভ্যানে তোলার সময়ও বিএনপিপন্থি আইনজীবী এবং ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতির মধ্যে পুলিশ দ্রুত তাঁকে আদালত থেকে নিয়ে যায়।
এদিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে প্রাঙ্গণে উপস্থিত ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থি এক আইনজীবীকে মারধর করে সূত্রাপুর থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। ওই আইনজীবীর নাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ। এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, “আইনজীবী সোহাগ আমাদের হেফাজতে আছে। তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”
একই দিন সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি ও ভিডিও করতে গেলে দৈনিক আগামীর সময়-এর প্রতিবেদক মাসুদ রানাকেও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিভিন্নভাবে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।