ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর আরও দুটি জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন কান্নাজড়িত কণ্ঠে বাবার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, তাঁর বাবা সব সময় এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর কথা ভাবতেন। শ্যামপুরের লাল মসজিদের নির্মাণকাজ শেষ হতে দেখে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। পাশাপাশি এলাকায় একটি হাসপাতাল নির্মাণের কথাও বলতেন তিনি।
বাবার পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে রবিন বলেন, তাঁর বাবা কারও সঙ্গে খারাপ ব্যবহার করে থাকলে সে জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন।
সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় তিনি দলটির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিবিদ।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।