জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে আয়োজিত ওই বিক্ষোভ থেকে সারান্ডনসহ প্রায় ১০০ জনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে ‘হ্যাকস’ সিরিজের অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে ছিলেন।
বিক্ষোভটির আয়োজন করে ‘জুয়িশ ভয়েস ফর পিস’। এতে প্রায় ২০০ মানুষ সাদা টি-শার্ট পরে অংশ নেন। তাঁদের হাতে ছিল ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ কর’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিন মুক্ত হোক’—এ ধরনের লেখা প্ল্যাকার্ড।
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। পরে পুলিশের নির্দেশ উপেক্ষা করে অবস্থান চালিয়ে গেলে তাঁদের আটক করা হয়।
পর্দার বাইরেও দীর্ঘদিনের সক্রিয়তা
ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে আবারও আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছেন সুসান সারান্ডন। জাতিসংঘের কাছে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে গ্রেপ্তারের ঘটনাও তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তার ধারাবাহিকতায় তাকে নতুন করে আলোচনায় এনেছে।
প্রায় ছয় দশকের অভিনয়জীবন পার করা সারান্ডন এখনো চলচ্চিত্রে সক্রিয়। ৭৯ বছর বয়সেও অভিনয়ের পাশাপাশি মানবাধিকার, শিশু অধিকার, যুদ্ধ, সামাজিক ন্যায়বিচার ও ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করে আসছেন তিনি।
১৯৪৬ সালের ৪ অক্টোবর নিউইয়র্ক শহরে জন্ম নেন সুসান অ্যাবিগেইল টমালিন। অভিনয়জগতে প্রবেশের পর তিনি সুসান সারান্ডন নামে পরিচিতি পান। ষাটের দশকের শেষ দিকে অভিনয় শুরু করার পর চলচ্চিত্র ও টেলিভিশনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে সারান্ডন এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার অভিনীত চরিত্রের মধ্য দিয়ে সমাজ, পরিবার, নারীস্বাধীনতা, ন্যায়বিচার এবং মানুষের নৈতিক দ্বন্দ্বের মতো বিষয়ও উঠে এসেছে।
‘দ্যলমা অ্যান্ড লুইস’ থেকে আন্তর্জাতিক পরিচিতি
সারান্ডনের উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘আটলান্টিক সিটি’, ‘বুল ডারহাম’, ‘দ্যলমা অ্যান্ড লুইস’, ‘লরেঞ্জোস অয়েল’ ও ‘দ্য ক্লায়েন্ট’। এসব চলচ্চিত্রের কয়েকটির জন্য একাডেমি পুরস্কারের মনোনয়নও পেয়েছেন তিনি।
এর মধ্যে ‘দ্যলমা অ্যান্ড লুইস’ তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলে। নারীস্বাধীনতা, বন্ধুত্ব, ব্যক্তিস্বাধীনতা এবং পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো নিয়ে নানা প্রশ্ন সামনে আনা এই চলচ্চিত্রে সারান্ডনের অভিনয় ব্যাপকভাবে আলোচিত হয়।
তবে তার অভিনয়জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি আসে ‘ডেড ম্যান ওয়াকিং’ চলচ্চিত্রের মাধ্যমে।
‘ডেড ম্যান ওয়াকিং’ এনে দেয় অস্কার
‘ডেড ম্যান ওয়াকিং’ ছবিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা ধর্মীয় সেবিকা সিস্টার হেলেন প্রেজিনের চরিত্রে অভিনয় করেন সারান্ডন। এই চরিত্রে অভিনয়ের জন্য ১৯৯৬ সালে সেরা অভিনেত্রীর একাডেমি পুরস্কার বা অস্কার পান তিনি।
মৃত্যুদণ্ডের মতো জটিল ও বিতর্কিত একটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটিতে অপরাধ, অনুশোচনা, ক্ষমা, ন্যায়বিচার এবং মৃত্যুদণ্ডের নৈতিকতার মতো বিষয় উঠে আসে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দি এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ধর্মীয় সেবিকার মানবিক ও নৈতিক দ্বন্দ্ব ছিল গল্পটির অন্যতম প্রধান দিক।
সারান্ডনের অভিনয় চরিত্রটিকে আরও গভীরতা দেয়। অস্কার অর্জনের মধ্য দিয়ে তার দীর্ঘ অভিনয়জীবনের অন্যতম বড় স্বীকৃতি আসে। তবে এই পুরস্কারের পরও তার পথ কেবল চলচ্চিত্র ও অভিনয়ের মধ্যেই আটকে থাকেনি।
শিশু অধিকার ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়
জনজীবনে সারান্ডনের গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় শিশু অধিকার ও মানবিক কর্মকাণ্ড। ১৯৯৯ সালে তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান।
শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে তিনি বিভিন্ন কর্মসূচি ও প্রচারে অংশ নেন।
২০০০ সালে ভারত ও তানজানিয়া সফর করেন সারান্ডন। ভারতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত প্রাথমিক শৈশব উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করেন তিনি। ওই সময় শিশুদের মধ্যে এইচআইভি ও এইডসের প্রভাব নিয়েও বিভিন্ন কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
একই বছর তানজানিয়ায় গিয়ে এইচআইভি ও এইডসে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে ইউনিসেফ-সমর্থিত কাউন্সেলিং, শিক্ষা এবং শিশু সুরক্ষা কার্যক্রমও প্রত্যক্ষ করেন সারান্ডন।
বিভিন্ন কমিউনিটি কেন্দ্রে তরুণদের সংগীত, নাটক ও গল্প বলার মাধ্যমে এইচআইভি প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও তিনি দেখেন।
ইউনিসেফের সঙ্গে সারান্ডনের আনুষ্ঠানিক দায়িত্ব এখন আর নেই। সংস্থাটির ওয়েবসাইটে তাকে সাবেক শুভেচ্ছাদূত হিসেবে উল্লেখ করা হয়েছে।