বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ১৯ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন রাজধানীর বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গিয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। পরে তাঁরা আরও কয়েকটি স্থানে যান। তাঁদের মধ্যে মুঠোফোনে কথোপকথনও হয়েছিল।
পুলিশ জানিয়েছে, তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছেন, তা যাচাই করার জন্য ওই তরুণীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।