বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর বাড্ডায় জামায়াতের মিছিল

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগরী উত্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।

গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর বাড্ডায় জামায়াতের মিছিল
ছবি: সংগৃহীত

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগরী উত্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।

৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলের আগে উত্তর বাড্ডায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমরা ব্যক্তিগত দাবিদাওয়া প্রতিষ্ঠা করতে এখানে আসিনি। কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কিংবা কোনো দলকে গালিগালাজ করতে বা বিতর্কিত করতেও আসিনি। আমরা এসেছি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।”

তিনি আরও বলেন, “বাজারে গিয়ে মানুষের চোখেমুখে হতাশা ও অস্বস্তি দেখা যায়। মানুষের আয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না।”

বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।