মঙ্গলবার, 3 নভেম্বর 2026
সকল বিভাগ

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু মঙ্গলবার, আবেদন ফরমের দাম ১০০ টাকা

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে নতুন বিধিমালা অনুসরণ করে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার থেকে নিবন্ধনের জন্য আবেদন ফরম বিতরণ করা হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু মঙ্গলবার, আবেদন ফরমের দাম ১০০ টাকা
ছবি: সংগৃহীত

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে নতুন বিধিমালা অনুসরণ করে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার থেকে নিবন্ধনের জন্য আবেদন ফরম বিতরণ করা হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নগর ভবন ও সংস্থাটির সব আঞ্চলিক কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ অনুসরণ করে এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।

ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, “ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা নতুন বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম হাতে নিয়েছি। তবে শুধু ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বুয়েটের কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কেবল যোগ্য বাহনগুলোকেই সনদ দেওয়া হবে।”

পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় আনা এবং সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।

আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ এবং নির্ধারিত ফরমে ফিটনেস সনদ।

ডিএসসিসির ঘোষণা অনুযায়ী, আবেদন ও জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুসারে ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা করতে হবে। এ ক্ষেত্রে বুয়েটের কারিগরি ছাড়পত্র নেওয়াও বাধ্যতামূলক।

একজন ব্যক্তি নিজের একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন এবং পাঁচটি ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তবে ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনকেই কেবল নিবন্ধন সনদ দেওয়া হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে ই-রিকশার চলাচলের রুট নির্ধারণ এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জোনভিত্তিক এ ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

নতুন বিধিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ডিএসসিসি এলাকায় পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন প্রশাসক।