মঙ্গলবার, 3 নভেম্বর 2026
সকল বিভাগ

মজুরি বৃদ্ধির আন্দোলনে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৪০০ কারখানায় ছুটি

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় ঢাকার সাভার-আশুলিয়া এবং গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ৪০০ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মজুরি বৃদ্ধির আন্দোলনে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৪০০ কারখানায় ছুটি
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় ঢাকার সাভার-আশুলিয়া এবং গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ৪০০ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর মধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলের ২৬৪টি এবং গাজীপুরের দেড় শতাধিক কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আটটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে শিল্প পুলিশ-২-এর আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়া অঞ্চলে মোট ২৬৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারী গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড এবং জি কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া আর্টিস্টিক কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভের সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

অন্যদিকে, শিল্প পুলিশ-২-এর গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন দুপুরে বলেন, শ্রমিকেরা সেদিনও বিক্ষোভ করছিলেন। বিক্ষোভের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং বাস ও ট্রাক ভাঙচুর করা হয়। শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল থেকেই কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মহাসড়কের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও শিল্প পুলিশ।

এদিকে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। তবে ওই এলাকায় কোনো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে কি না, তা জানা যায়নি।