ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাশাপাশি জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
রোববার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “উনি বলছেন যে কলকারখানা-শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে জনগণের জানমালের যেন নিরাপত্তা থাকে আমরা সকলে যেন সবাই সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।”
পোশাকশ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।