খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ও মাথার পেছনে আঘাত এবং গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহেরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান এ তথ্য জানান।
নিহত ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান (৩৫) এবং সিংহেরচর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩০)।
পুলিশ মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি মাসুম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনকে গুলি করে হত্যার পর তাঁদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মেহেদীর ভ্রুর পাশের অংশে গুলির চিহ্ন রয়েছে। অন্যদিকে রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত দুজনই সন্ত্রাসী বাহিনী ‘বি-কোম্পানির’ সক্রিয় সদস্য ছিলেন।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের অনুসন্ধান শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।