চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেও দুই দেশ নিয়মিতভাবে নিহত সেনাদের মরদেহ বিনিময় করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ইউক্রেনকে যুদ্ধে নিহত ১ হাজার সৈন্যের মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে একটি রুশ সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, একটি বিনিময় চুক্তির আওতায় ইউক্রেনও ৪১ জন নিহত রুশ সেনার মরদেহ রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। চলমান যুদ্ধের মধ্যে এই ধরনের মরদেহ বিনিময় দুই দেশের মধ্যে সহযোগিতার অল্প কয়েকটি ক্ষেত্রের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ভিডিও সংস্থা রাপ্টলির প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ট্রাক থেকে সাদা ব্যাগে মোড়ানো মরদেহ নামিয়ে অন্য একটি গাড়িতে তোলা হচ্ছে। সেখানে রেড ক্রসের চিহ্নযুক্ত পর্যবেক্ষকরাও উপস্থিত ছিলেন।
ইউক্রেনের যুদ্ধবন্দী ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সদর দপ্তর সামাজিক মাধ্যমে মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, “রাশিয়ার দাবি—ফেরত দেওয়া মরদেহগুলো ইউক্রেনীয় সেনাসদস্যদের।”
এর আগে কিয়েভ অভিযোগ করেছিল, ইউক্রেনীয় সেনাদের মরদেহ বলে যে লাশগুলো ফেরত দেওয়া হচ্ছে, তার মধ্যে রুশ সেনাদের মরদেহও থাকতে পারে।
সমন্বয় সদর দপ্তর আরও জানায়, “মরদেহগুলোর পরিচয় শনাক্ত হওয়ার পর সেগুলো সম্মানজনক দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
গত মাসে রেড ক্রস জানিয়েছিল, তারা প্রতি মাসে প্রায় ১ হাজার মরদেহ বিনিময়ে সহায়তা করছে, তবে এখনও বহু মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতের সূচনা হয়। এই যুদ্ধে ইতোমধ্যে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উভয় পক্ষেই বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।