নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে একই সঙ্গে প্রতিবাদ জানানো ও বিয়ের প্রস্তাব দেওয়ার দুঃসাহসিক ঘটনায় দুই রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আকাশচুম্বী ভবনের মূল অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে ব্যানার প্রদর্শন ও একে অপরকে চুম্বন করার দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক তরুণ ও এক তরুণী ভবনটির মূল অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করছেন। মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১ হাজার ৪৫৪ ফুট) উচ্চতায় অবস্থান করে তারা একটি ব্যানারও প্রদর্শন করেন।
ব্যানারটিতে লেখা ছিল, ‘যখন ক্ষমতার প্রতি মোহকে হারিয়ে ভালোবাসার শক্তি জয়ী হবে, পৃথিবী তখন শান্তির সন্ধান পাবে।’
স্থানীয় সময় বুধবার ১০২ তলা বিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনায় ওঠেন ওই যুগল। ভবনটির দর্শনার্থীদের জন্য নির্ধারিত পর্যবেক্ষণ ডেকের চেয়েও অনেক ওপরে অবস্থিত অ্যান্টেনায় তারা কীভাবে পৌঁছেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
পুলিশ প্রকাশিত বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক কর্মকর্তা মই বেয়ে উপরে উঠে ওই যুগলকে নিচে নামানোর চেষ্টা করছেন। ওঠার সময় হাঁপাতে হাঁপাতে তিনি জিজ্ঞেস করেন, ‘আপনারা কেমন আছেন?’ তবে প্রবল বাতাসের কারণে যুগলের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি।
গ্রেপ্তার হওয়া দুইজনের নাম ভানিয়া বীরকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা দুজনই রাশিয়ার নাগরিক। ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’ প্রামাণ্যচিত্রে এই যুগলকে তুলে ধরা হয়েছিল। সেখানে শহরের উঁচু ভবনের চূড়ায় ওঠার রোমাঞ্চকর কর্মকাণ্ড বা ‘রুফটপিং’-এর প্রতি তাদের আগ্রহের গল্প দেখানো হয়।
বুধবারের ঘটনার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স অ্যাঞ্জেলা নিকোলাউয়ের বাবা দিমিত্রি নিকোলাউয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কেন চিন্তিত হব? আমি নিজেও তো ছাদে উঠি।’
রয়টার্স জানিয়েছে, দিমিত্রি নিকোলাউ পেশায় রাশিয়ার একজন সার্কাস শিল্পী। তিনি আগেই জানতেন, তার মেয়ে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনায় উঠতে যাচ্ছেন।
এদিকে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই কর্মকাণ্ডের জন্য কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। একই সঙ্গে রসিকতার সুরে ভবনটির একজন মুখপাত্র বলেন, স্মরণীয় বাগদানের আয়োজন করতে চাইলে ওই যুগল ভবন কর্তৃপক্ষের ‘হ্যাপিলি এভার এম্পায়ার প্রপোজাল’ প্যাকেজটি কিনতে পারতেন, যার মূল্য ১ হাজার মার্কিন ডলার।