শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

'১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে'

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠাতে ১৮টি দেশের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথাও তুলে ধরা হয়েছে সংসদে।

'১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে'
এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠাতে ১৮টি দেশের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথাও তুলে ধরা হয়েছে সংসদে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ-এর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এ তথ্য জানান। তিনি মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর পক্ষে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের পর মালয়েশিয়া অন্যতম বড় শ্রমবাজার হিসেবে বিবেচিত। এই বাজার পুনরায় চালুর লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিলের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করেন। সফরে দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান এবং দ্রুত বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আংশিক বন্ধ বা সীমিত শ্রমবাজারগুলোতে কর্মী পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।

দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এক লাখ ড্রাইভার তৈরির লক্ষ্যে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেসব ক্ষেত্রে সরকারের কূটনৈতিক উদ্যোগে পর্যায়ক্রমে ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় আরও চারটি দেশের সঙ্গে এমওইউ, এমওসি ও অন্যান্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

জাপানে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরা হয়। তিনি জানান, জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা ইউনিট গঠন করা হয়েছে।

সবশেষে তিনি জানান, ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন বাংলাদেশি। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৬২ হাজার ৩৫২ জন।