শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এই সময়ে দৈনিক গড়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯ কোটি ৭৭ লাখ ডলার। দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এই চিত্র পাওয়া গেছে।

২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার
ছবি : সংগৃহীত
চলতি জুন মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এই সময়ে দৈনিক গড়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯ কোটি ৭৭ লাখ ডলার। দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এই চিত্র পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এই আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া প্রবাসীরা বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১২১ কোটি ৮৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার ডলার পাঠিয়েছেন।

এর আগে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসীরা সব মিলিয়ে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তারও আগে গত এপ্রিল মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চ মাসে প্রবাসীরা রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠান, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয় অর্জনের নজির।

চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার এবং ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া গত বছরের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এর পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

গত বছরের অন্যান্য মাসের মধ্যে অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছিল।

অর্থবছরের হিসাবে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ পুরো অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে যেকোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সংগৃহীত সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।