ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসতে ভাসতে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাল মরক্কো। আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার রাতে প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। ক্যামেরুনের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে তারা, যার ফল আসে প্রথমার্ধেই।
২৬তম মিনিটে আশরাফ হাকিমির নেওয়া কর্নার থেকে আইউব এল কাবি হেড করে বল বক্সের ভেতরে বাড়িয়ে দেন। সেখানে উপস্থিত ব্রাহিম দিয়াজ নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে চলতি আসরে টানা পাঁচ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্যামেরুন। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়জুড়ে আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি মরক্কো।
দ্বিতীয়ার্ধে বলের দখল কিছুটা বাড়ালেও মরক্কোর সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ক্যামেরুন। বরং ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলাস লায়ন্সরা। আবদে সামাদ এজ্জালজৌলির নেওয়া সেট-পিস থেকে পাওয়া বলে বক্সের ভেতরে নিয়ন্ত্রণ নিয়ে শক্তিশালী শটে গোল করেন ইসমাইল সাইবারি। টুর্নামেন্টে এটি ছিল তার প্রথম গোল।
শেষ দিকে ম্যাচের লাগাম নিজেদের হাতেই রাখে মরক্কো। গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাসে ভর করে নিশ্চিত করে কাঙ্ক্ষিত জয়।
২০০৪ সালের পর এই প্রথম আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া অথবা নাইজেরিয়া। একই সঙ্গে ১৯৭৬ সালের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্নও টিকিয়ে রাখল স্বাগতিকরা।