শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষের নির্দেশ

হজযাত্রীদের টিকাদান কার্যক্রমের আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত সব স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষের নির্দেশ
ছবি: সংগৃহীত।

হজযাত্রীদের টিকাদান কার্যক্রমের আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত সব স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

গত ৬ জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক হজযাত্রীদের টিকা নেওয়ার পূর্বশর্ত হিসেবে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক পরীক্ষার তালিকায় রয়েছে— ইউরিন R/M/E, র‌্যান্ডম ব্লাড সুগার (RBS), এক্স-রে চেস্ট (পি/এ ভিউসহ রিপোর্ট), ইসিজি (রিপোর্টসহ), সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি (ESRসহ) এবং রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং।

এছাড়া বিশেষ রোগের সন্দেহ থাকলে অতিরিক্ত কিছু পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
হৃদ্‌যন্ত্রের জটিলতার ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি,
কিডনি সমস্যায় সিরাম ক্রিয়েটিনিন ও কিইউবি আলট্রাসনোগ্রাফি,
লিভার সিরোসিসের সন্দেহে হোল অ্যাবডোমেন ইউএসজি ও আপার জিআইটি এন্ডোস্কপি,
এবং দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত রোগ নির্ণয়ে স্পুটাম ফর এএফবি, চেস্ট সিটি স্ক্যান, সিরাম বিলিরুবিন, এসজিপিটি ও অ্যালবুমিন-গ্লোবিউলিন রেশিও।

স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। টিকা শেষে হজযাত্রীরা স্বাস্থ্য সনদ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় তথ্য জানতে হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।