রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গত প্রায় চার বছরে দুই দেশের নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর তুলনায় রুশ সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বেশি। মোট ১৮ লক্ষাধিক হতাহত ও নিখোঁজ সেনার মধ্যে প্রায় ১২ লাখই রুশ বাহিনীর সদস্য। এই ১২ লাখ রুশ সেনার মধ্যে তিন লাখ ২৫ হাজারের কিছু বেশি নিহত হয়েছেন। বাকিদের বড় অংশ আহত হয়েছেন এবং কয়েক হাজার সেনা নিখোঁজ রয়েছেন।
রুশ বাহিনীর এই ক্ষতির বিষয়ে সিএসআইএস প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের কোনো যুদ্ধেই কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী এত বেশি হতাহত ও ক্ষতির মুখে পড়েনি।
একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেনের ক্ষয়ক্ষতিও কম নয়। গত চার বছরে দেশটির ছয় লাখের বেশি সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন। সিএসআইএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর নিহত সেনার সংখ্যা এক লাখ থেকে ১ লাখ ৪০ হাজারের মধ্যে।
সিএসআইএস আরও জানায়, চলমান সংঘাত অব্যাহত থাকলে ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত নিহত, আহত ও নিখোঁজ সেনার মোট সংখ্যা বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।
প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না হওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবির ঘিরে কয়েক বছর ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনো চলছে।
সূত্র: এএফপি