রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

৪ বছরের মধ্যে চালু হবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড : জাহিদ হোসেন

চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের নারীপ্রধানের হাতে 'ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড' পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, এই কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি একজন নাগরিক হিসেবে নারীর বিশেষ মর্যাদার স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

৪ বছরের মধ্যে চালু হবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড : জাহিদ হোসেন
ছবিঃ সংগৃহীত

 চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের নারীপ্রধানের হাতে 'ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড' পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, এই কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি একজন নাগরিক হিসেবে নারীর বিশেষ মর্যাদার স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেসমের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও সেখানে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকার চলাকালীন মন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় নিবন্ধিত নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান লাভ করছেন।

সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্বব্যাংকের পরিচালক জঁ পেসমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি মন্তব্য করেন যে, পরিবারের নারী প্রধানের নামে কার্ড ইস্যু করার এই পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষই ফ্যামিলি কার্ড কর্মসূচির দীর্ঘমেয়াদী ও টেকসই বাস্তবায়নে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।