বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

৪০ দিন পর আল-আকসা খুলে দিল ইসরাইল

দীর্ঘ ৪০ দিন বন্ধ রাখার পর দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ অবশেষে সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসরায়েল।

৪০ দিন পর আল-আকসা খুলে দিল ইসরাইল
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৪০ দিন বন্ধ রাখার পর দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ অবশেষে সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসরায়েল।

আজ বৃহস্পতিবার ভোরে ওল্ড সিটিতে অবস্থিত ইসলামের এই তৃতীয় পবিত্রতম স্থানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এর আগে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক উত্তজনা ও সংঘাতের অজুহাতে তেল আবিব মসজিদটিতে প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ ফজরের আজানের পরপরই আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণের প্রবেশপথগুলো খুলে দিলে শত শত ফিলিস্তিনি সেখানে সমবেত হন। দীর্ঘ বিরতির পর প্রিয় মসজিদে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি। অনেককে মসজিদের আঙিনায় সেজদায় অবনত হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে দেখা যায় এবং কান্নায় ভেঙে পড়েন অনেকে। ৪০ দিন পর এদিন সকালেই মসজিদে প্রথম জামাতে শত শত মুসল্লি একত্রে নামাজ আদায় করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের জন্য আল-আকসায় নামাজ পড়া নিষিদ্ধ করেছিল। এই দীর্ঘ সময়ে কেবল জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তা এবং মসজিদের হাতেগোনা কয়েকজন কর্মীকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে জেরুজালেমের ছোট ছোট বিভিন্ন মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়। এমনকি চলমান নিষেধাজ্ঞার মধ্যে গত ৬ এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির পুলিশি পাহারায় বিতর্কিতভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।

এই কঠোর বিধি-নিষেধের ফলে এ বছর ফিলিস্তিনিরা আল-আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করার সুযোগ থেকে বঞ্চিত হন। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে মুসলিম উম্মাহকে। একই সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্রতম স্থান 'চার্চ অব দ্য হলি সেপালকার'ও জনসাধারণের জন্য বন্ধ করে দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতির পর আজ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া মুসল্লিদের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।