নতুন বছরের শুরুতেই ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সংস্থাটি আনুষ্ঠানিকভাবে নতুন এই দামের ঘোষণা দেয়। বিইআরসি জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে ধারাবাহিকভাবে এলপিজির দাম বাড়তে থাকায় সাধারণ ভোক্তাদের ওপর আর্থিক চাপ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষ করে রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলো এই মূল্যবৃদ্ধিতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে।