দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ৬২ বছরে পা রেখেছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ওই নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিজয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
নিয়মতান্ত্রিক পারিবারিক আবহে অত্যন্ত সাধারণভাবে তারেক রহমানের শৈশব অতিবাহিত হয়েছে। তিনি ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। সে সময় সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য নির্ধারিত ইংরেজি মাধ্যমের এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক পর্যায়ে ভর্তি হন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের মতো বিশ্বখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানীদের রাষ্ট্রদর্শন নিয়ে অধ্যয়ন করেন। তার বিশ্ববিদ্যালয়জীবনে দেশে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনবিরোধী গণআন্দোলন চলছিল, যেখানে নেতৃত্বের ভূমিকায় ছিলেন তার মা খালেদা জিয়া। সেই উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটই মূলত তাকে সক্রিয় রাজনীতিতে অনুপ্রাণিত করে।
১৯৮৮ সালে পৈতৃক এলাকা বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। সে সময় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচারণা সমন্বয় করেন তিনি এবং প্রতিটি আসনেই দল জয়লাভ করে। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য পদ লাভ করেন।
২০০৭ সালের এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে তিনি নির্যাতনের শিকার হন এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়। দলীয় সূত্রের দাবি অনুযায়ী, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এসব মামলা করা হয়েছিল। এর ধারাবাহিকতায় দীর্ঘকাল তাকে প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে হয়। বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে তিনি রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের রূপরেখা উপস্থাপন করেন। এর অংশ হিসেবে নির্বাহী, বিচার ও আইন বিভাগসহ রাষ্ট্রের সর্বস্তরে সংস্কারের উদ্দেশ্যে তার ঘোষিত ৩১ দফা প্রস্তাবনা জনসাধারণের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন অর্থনীতি, সামাজিক সুরক্ষা, শিক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই যাতায়াতে সীমিত সংখ্যক গাড়িবহর ব্যবহার, দীর্ঘ সময় রাস্তা বন্ধ না রাখা এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে কৃচ্ছ্রসাধনের নীতি অনুসরণ করছেন তিনি। এর মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সরকারি সম্পদের সদ্ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। এ ছাড়া আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন, সরকারি গাড়ি ক্রয়ে নিষেধাজ্ঞা এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ব্যাংকিং খাতে ঋণ আদায় কার্যক্রম জোরদার করার ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। পূর্ববর্তী সরকারের গৃহীত বিশাল অঙ্কের ঋণের বোঝা থাকা সত্ত্বেও গত পাঁচ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা সম্ভব হয়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্র এবং অপ্রচলিত বাজারগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। পাশাপাশি মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মান শক্তিশালী হয়ে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে কৃষক কার্ড চালু করেছে বর্তমান সরকার। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির কৃষিঋণ ও সুদ মওকুফ করা হয়েছে। প্রবাসী কর্মীদের সেবা বৃদ্ধিতে প্রবাসী কার্ড এবং স্বাস্থ্য খাতে হেলথ কার্ড প্রবর্তনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিস্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতের উন্নয়নে স্নাতক স্তর পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ, পাঠ্যসূচিতে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতা আয়োজনের মতো বহুমুখী কর্মসূচি গৃহীত হয়েছে। এর পাশাপাশি এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা মেটাতে সরকার ২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
ধর্মীয় কল্যাণ নিশ্চিত করতে ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রবর্তন করা হয়েছে। সরকারের জোরদার নিরাপত্তা ব্যবস্থা, আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং অতিরিক্ত সরকারি ছুটির কারণে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে খাল খনন ও বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে।