শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

৮০ দিন বন্ধের পর ফের চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

দীর্ঘ ৮০ দিনের অচলাবস্থার পর অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জে পুনরায় চালু হয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসাসেবা। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগ ও সংশ্লিষ্টদের আলোচনার পর সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতালটি আবার কার্যক্রম শুরু করে।

হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এদিন পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসকরা পুনরায় কর্মস্থলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।

এর আগে গত ২৭ মার্চ শমশেরনগর চা বাগানের এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক চা শ্রমিকের শিশুসন্তানের মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করেন, ফলে দীর্ঘ ৮০ দিন সেখানে চিকিৎসাসেবা বন্ধ ছিল।

পরিস্থিতির প্রতিবাদে এবং হাসপাতাল পুনরায় চালুর দাবিতে “চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে” স্লোগানে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন বিভিন্ন চা বাগানে টানা দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছিল। এর প্রেক্ষিতে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে আলোচনা চালান।

শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমঝোতা হলে সোমবার থেকে হাসপাতালটি আবারও চিকিৎসাসেবা শুরু করে। দীর্ঘদিন সেবা বন্ধ থাকায় ডানকান ব্রাদার্সের চা বাগানগুলোর শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিকের চিকিৎসার প্রধান ভরসা ছিল এই হাসপাতাল। একটি ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে চিকিৎসকরা সরে গেলে টানা ৮০ দিন সেবা বন্ধ ছিল। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আলোচনা শেষে অবশেষে কর্তৃপক্ষ শ্রমিকদের কথা বিবেচনা করে হাসপাতালটি পুনরায় চালু করেছে।