রবিবার, 15 নভেম্বর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

বুধবার রাতের আঁধারে দুটি তেলবাহী নৌযান তাদের জলসীমার একটি নিষিদ্ধ রুট ধরে অগ্রসর হচ্ছিল। সে সময় আইআরজিসির নৌ শাখার তরফ থেকে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও জাহাজ দুটি তা উপেক্ষা করে নিজেদের গতিপথ অব্যাহত রাখে। এর কিছুক্ষণ পরই সেখানে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে চারটি অপরিশোধিত তেলবাহী জাহাজে আগুন লাগার খবর দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় দেশটির সামরিক নেতৃত্ব দাবি করেছে, তেহরানের পূর্বানুমতি ছাড়া ওই জলসীমা ব্যবহারের নিয়ম লঙ্ঘনের কারণেই নৌযানগুলো এই ভয়াবহ পরিণতির শিকার হয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে, বুধবার রাতের আঁধারে দুটি তেলবাহী নৌযান তাদের জলসীমার একটি নিষিদ্ধ রুট ধরে অগ্রসর হচ্ছিল। সে সময় আইআরজিসির নৌ শাখার তরফ থেকে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও জাহাজ দুটি তা উপেক্ষা করে নিজেদের গতিপথ অব্যাহত রাখে। এর কিছুক্ষণ পরই সেখানে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এবং নৌযান দুটি চলাচলের সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে আইআরজিসির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংস্থাটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার হওয়া এই দুটি নৌযানই সুপারট্যাংকার শ্রেণির এবং এগুলোতে একত্রে চল্লিশ লাখ ব্যারেলের বেশি তেল মজুত ছিল। বিস্ফোরণের পর থেকেই এগুলো আগুনে পুড়ছে। একইসঙ্গে আইআরজিসি মন্তব্য করেছে যে, মার্কিন সামরিক শক্তির ওপর অন্ধ বিশ্বাস রাখার খেসারত হিসেবেই জাহাজগুলোকে এমন বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার ইরানের নিয়মিত সেনাবাহিনীর পক্ষ থেকে আরও দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালির পূর্ব প্রান্ত দিয়ে যাওয়ার সময় ওই নৌযান দুটিও তেহরানের সামুদ্রিক আইন অমান্য করছিল। একপর্যায়ে সেগুলো সাগরে পেতে রাখা নৌ-মাইন বা জলবোমার আঘাতে বিস্ফোরিত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।

তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া চারটি জাহাজের নাম কিংবা সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, সে সম্পর্কে ইরানের সামরিক কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি। এছাড়া এই জোড়া দুর্ঘটনায় নৌযানগুলোর ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত অজানা রয়ে গেছে।