বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

এআই মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে: জাতিসংঘ

এআই নিয়ে খোদ প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে যে অস্তিত্ব রক্ষার শঙ্কা রয়েছে, সেটি উপেক্ষার সুযোগ নেই।

এআই মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে: জাতিসংঘ

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানব সভ্যতার টিকে থাকার জন্যই বড় ধরনের সংকটের কারণ হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ওপর কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি হাতছাড়া হওয়ার আগেই এই প্রযুক্তির নিরপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।


জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জাতিসংঘের মানবাধিকার প্রধান উল্লেখ করেন, এআই নিয়ে খোদ প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে যে অস্তিত্ব রক্ষার শঙ্কা রয়েছে, সেটি উপেক্ষার সুযোগ নেই। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যানুযায়ী, নিয়ন্ত্রণহীন এআই ব্যবস্থার কোনো কারিগরি ত্রুটি সার্বিক যোগাযোগ অবকাঠামো, জরুরি পরিষেবা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর চরম ক্ষতি সাধন করতে পারে। এছাড়া সীমিত কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে এআই প্রযুক্তির সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া এবং এর প্রযুক্তিগত উৎকর্ষের তুলনায় পর্যাপ্ত স্বাধীন নজরদারির অভাব নিয়ে তিনি গভীর উদ্বেগ জানান।

এআই খাতের ঝুঁকি নিরসনে এ সংক্রান্ত প্রযুক্তি উৎপাদনকারী দেশগুলোর প্রতি একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এই প্রযুক্তির সুরক্ষায় স্বাধীন যাচাই প্রক্রিয়া জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং নির্দিষ্ট কিছু সীমারেখা নির্ধারণে সর্বসম্মত সিদ্ধান্তের ওপর জোর দেন ভলকার টুর্ক। অতি সম্প্রতি অননুমোদিতভাবে উন্মুক্ত সফটওয়্যার সার্ভারে ঢুকে পড়া এআই এজেন্টের মতো ঘটনাগুলো তুলে ধরে তিনি জানান, অতি দ্রুত এআই প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য ঝুঁকিসমূহ প্রশমনে চিঠি পাঠিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাবে তাঁর দপ্তর।

প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি সামাজিক ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকেও এআইয়ের প্রভাব মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে। কর্মসংস্থান বিনষ্ট, পরিবেশগত ক্ষতি এবং গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেবল এআই সমস্যাই নয়, জাতিসংঘ মানবাধিকার প্রধান তাঁর এই বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্রে একাধিক মৃত্যু এবং ইউক্রেন যুদ্ধে সচল থাকা স্বয়ংক্রিয় প্রাণঘাতী ড্রোনের ব্যবহারের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: রয়টার্স