অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলমান এই সফরে তার সঙ্গে তিনজন সফরসঙ্গী রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের নীতিনির্ধারণী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার কর্মসূচি শেষে তিনি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একাধিক অনুষ্ঠানেও অংশ নেবেন।
বিরোধীদলীয় নেতার এই বিদেশ সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং তার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সপ্তাহব্যাপী এই সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।