বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার

মিথ্যাকে বিশ্বাসযোগ্য করা এবং বাস্তবতাকে আড়াল করার বিশেষ কৌশল রয়েছে শিবির ছাত্রসংগঠনটির।

রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মপদ্ধতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

অতীতে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং পরবর্তীতে অসদাচরণ, আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে পদচ্যুত করা সংক্রান্ত গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। বুধবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি অভিযোগ করেন, মিথ্যাকে বিশ্বাসযোগ্য করা এবং বাস্তবতাকে আড়াল করার বিশেষ কৌশল রয়েছে শিবির ছাত্রসংগঠনটির।

সালাহউদ্দিন আম্মার উল্লেখ করেন, প্রমাণ ছাড়াই কারও বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অপবাদ চাপিয়ে দিয়ে পরবর্তীতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সংকুচিত করাই সংগঠনটির পুরোনো নীতি। তিনি প্রশ্ন তোলেন, যা তিনি কখনোই করেননি, সেটির বিপরীতে নির্দোষ হওয়ার নথিপত্র কীভাবে দাখিল করা সম্ভব। সাধারণ মানুষকে চোর অপবাদ দিয়ে এলাকায় ছড়িয়ে দিলে যেমন প্রমাণ হাজির করা কঠিন হয়ে পড়ে, তার সাথেও ঠিক একই ধরনের চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নাকচ করে তিনি স্পষ্ট করেন, বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠী কিংবা জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে তিনি সর্বদা বড় ভাইয়ের মতো আন্তরিক আচরণ বজায় রেখেছেন। সংগঠনের অভ্যন্তরীণ দ্বিমুখী নীতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, শাখা পর্যায়ের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও ব্যক্তিসম্পর্কের একাধিক নজির থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে এ ধরনের বিষয়কে মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করা হয়।

অর্থ সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি অতীতের একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়ে জানান, জুলাই বিপ্লব কেন্দ্র করে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা সংগ্রহের অংশ হিসেবে প্রশাসনের পরামর্শে বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে চাঁদা দাবির চিঠি হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে তাকে সমাজে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়।

একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কমিটি গঠনের সাথে আর্থিক লেনদেনের অভিযোগও সম্পূর্ণ মনগড়া বলে দাবি করেন সালাহউদ্দিন আম্মার। তিনি জানান, সেই কমিটি প্রক্রিয়ার সঙ্গে তার দূরতম কোনো যোগাযোগ না থাকলেও তার যোগাযোগকে ব্যবহার করে অসত্য তথ্য ছড়ানো হয়েছে। সাম্প্রতিক একটি অ্যাম্বুলেন্স সংক্রান্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুরনো অপপ্রচারগুলো পুনরায় সামাজিক মাধ্যমে সক্রিয় করা হয়েছে বলেও তিনি অভিযোগ আনেন।

সংগঠনে নিজের অতীত সংশ্লিষ্টতার বিষয়ে তিনি অকপটে স্বীকার করেন যে, ডানপন্থী সাংস্কৃতিক চর্চার সূত্রে তিনি প্রকাশ্যেই তাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন এবং প্রাতিষ্ঠানিক পুরস্কারও অর্জন করেছিলেন। তৎকালীন প্রতিকূল সময়ে অনেকেই আত্মগোপনে থাকলেও তিনি প্রকাশ্যে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। পরবর্তীতে শাখা পর্যায়ে অসাধু নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি তাদের নীতি থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন বলে জানান। তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সামনে আনা হয়েছে তার একটিরও বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই, বরং পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত মানসিক হেনস্তার অংশ।