ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বার্তায় এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সফরকালে প্রতিনিধিদলসহ রাষ্ট্রদূত পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ ওয়ার্কশপ ঘুরে দেখেন। মার্কিন সংস্থা 'প্রোগ্রেস রেল'-এর নির্মিত ইঞ্জিনগুলো দেশীয় প্রকৌশলী ও কারিগররা কীভাবে সচল রাখছেন এবং মেরামত করছেন, তা অত্যন্ত আগ্রহের সাথে পর্যবেক্ষণ করেন তিনি। একই সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও প্রযুক্তিবিদদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি সৈয়দপুরগামী একটি ট্রেনে চড়ে সাধারণ যাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং রেল সেবার মান নিয়ে আলাপ করেন। পরে তিনি ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে কারখানা ও সংশ্লিষ্ট জাদুঘর ঘুরে দেখেন।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মার্কিন প্রতিষ্ঠান থেকে ৪০টি আধুনিক ইঞ্জিন সংগ্রহের সিদ্ধান্তটি দুই দেশের অর্থবহ বাণিজ্যিক সহযোগিতার বড় দৃষ্টান্ত। এই অবকাঠামোগত সংযোগ বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে আরও সংহত করবে।