বিমা প্রতিষ্ঠানগুলোর নানা দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখার উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালী মহলের পক্ষ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর অভিযোগ, যোগসাজশের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার পণ্য দেশে আমদানি হলেও প্রিমিয়ামের অর্থ জমা পড়ছে না, সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতির মুখে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এই অপতৎপরতা রুখতে পদক্ষেপ নেওয়ার পরই বাধা আসা শুরু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুর-২-এ অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) আর্থিক ও বাণিজ্যিক লেনদেনের তাৎক্ষণিক তথ্য বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট বা বার্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনিয়মের প্রক্রিয়া তুলে ধরে জানান, পণ্য আমদানির ঋণপত্র বা এলসি খোলার সময় বিশ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা প্রতিষ্ঠান থেকে কাভারনোট সংগ্রহ করা হয়। কিন্তু চালান দেশে পৌঁছানোর পর নির্ধারিত প্রিমিয়াম পরিশোধ না করেই সেই কাভারনোট নষ্ট করে ফেলা হচ্ছে। বিমা কোম্পানিগুলোর সঙ্গে গোপন আঁতাতে এভাবে হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য চললেও সরকারি কোষাগারে কোনো রাজস্ব জমা হচ্ছে না এবং সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করায় প্রভাবশালী মহল থেকে বাধা আসছে।
অনুষ্ঠানে তিনি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে তাৎক্ষণিক আন্তঃসংযোগ বা রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে সরাসরি তথ্য আদান-প্রদানের সেতুবন্ধন তৈরি না হলে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজস্ব ফাঁকি বন্ধ করা অসম্ভব।
আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, দেশের বিনিয়োগ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে, স্বচ্ছতা বাড়াতে এবং ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি করতে ডিজিটাল সংযোগের বিকল্প নেই। বিগত সময়ে প্রতিটি মন্ত্রণালয় বা সংস্থা আলাদাভাবে নিজেদের প্রকল্প বাস্তবায়ন করেছে, যেখানে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য বিনিময়ের কোনো ব্যবস্থা ছিল না। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুঁজিবাজার বা রাজস্ব বোর্ডের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোরও কার্যকর কোনো সংযোগ ছিল না।
তাৎক্ষণিক আন্তঃসংযোগ ছাড়া প্রকৃত অটোমেশন সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি লেনদেনে রিয়েল-টাইম নজরদারি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে, যাতে সময় ও ব্যবসার খরচ সাশ্রয় হয়। কেবল একটি খাতে ব্যয় কমিয়ে সামগ্রিক ব্যবসা পরিচালনার খরচ হ্রাস করা যায় না বলেই এনবিআরের লেনদেনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত এবং বন্দর ব্যবস্থাপনাকে এক সুতোয় গাঁথা হচ্ছে।
বিমা খাতের দুরবস্থা ও রাজস্ব ক্ষতির চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ব্যাংক খাতের মতো বিমা খাতও এখন চরম সংকটে নিপতিত হয়েছে। বিমা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের ন্যায্য দাবি পরিশোধ না করে সেই অর্থ দিয়ে নিজেরা সম্পদ গড়ছে এবং ব্যক্তিগতভাবে নানা খাতে বিনিয়োগ করছে।
পরিশেষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রবাহ এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় যেকোনো কঠোর কিংবা অপ্রীতিকর সিদ্ধান্ত নিতেও বর্তমান রাজনৈতিক সরকার পিছপা হবে না।