বাংলাদেশের দ্রুতগতির বোলার নাহিদ রানার পিছু ছাড়ছে না চোটের ধাক্কা। গত সেপ্টেম্বরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই ফের চোটে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেওয়ার পর নিবিড় পুনর্বাসন কার্যক্রমে যুক্ত হন এই ফাস্ট বোলার।
অস্ট্রেলিয়ায় অবস্থানকালেই তিনি বল হাতে অনুশীলন শুরু করেন এবং কিছুদিন আগে দেশে ফিরে আসেন। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকদেরও মূল্যায়নের মুখোমুখি হন নাহিদ। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, তিনি পুরোপুরি সুস্থ ও ফিট হয়ে উঠেছেন।
চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে নাহিদ রানার অংশগ্রহণের বিষয়টি এখন টিম ম্যানেজমেন্টের বিবেচনার ওপর নির্ভর করছে। তবে মাঠে নামার আগে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় সফল হলেই কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে তাকে ভাবা হবে।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদ এখন ফিট আছেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট, তবে এর আগে তাকে ওয়ার্কলোড ও ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে। একই সঙ্গে এই পেসারকে নিয়ে কোনো ধরনের বাড়তি ঝুঁকি না নেওয়ার নীতিতেই অটল রয়েছে ক্রিকেট বোর্ড।