কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক দক্ষ পেশাজীবীদের জন্য একটি দারুণ সুখবর সামনে এসেছে। পরীক্ষামূলক পর্যায় পার করে এবার স্থায়ীভাবে চালু হতে যাচ্ছে কানাডা সরকারের বিশেষ অভিবাসন প্রকল্প ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’। মূলত দেশটির বড় শহরগুলোর ওপর চাপ কমিয়ে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে দক্ষ বিদেশি জনবল নিয়ে আসতে এবং সেখানকার শ্রমবাজারের শূন্যতা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের প্রথম দিন থেকেই এই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় দক্ষ কর্মী বিদেশ থেকে নিয়োগ দিতে পারবে। একইসাথে, যোগ্য বিদেশি কর্মীরা এসব অঞ্চলে চাকরির সুবাদে কানাডায় স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) জন্য আবেদন করার সুযোগ পাবেন।
নতুন এই কর্মসূচিতে শুরুতে আগের পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত ১৪টি নির্দিষ্ট কমিউনিটিকে রাখা হয়েছে। এর মাঝে ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ওকানাগান-শুসওয়াপ, ওয়েস্ট কুটেনি ও পিস লিয়াড এবং আলবার্টার ক্লেয়ারশোলম অন্যতম। এছাড়াও ম্যানিটোবা, অন্টারিও, নোভা স্কশিয়া ও সাসকাচুয়ানের বেশ কিছু ছোট শহরও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।
যোগ্যতা ও শর্তাবলি
এই কর্মসূচির আওতায় আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে প্রথমেই নির্ধারিত ১৪টি কমিউনিটির যেকোনো একটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির একটি বৈধ প্রস্তাব পেতে হবে। পাশাপাশি ওই নির্দিষ্ট কমিউনিটির কাছ থেকে একটি সুপারিশপত্র বা রেকমেন্ডেশন সার্টিফিকেটও জোগাড় করতে হবে।
আবেদনকারীকে তার পেশাগত যোগ্যতার প্রমাণ হিসেবে গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অথবা ১ হাজার ৫৬০ ঘণ্টা বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। এর পাশাপাশি কানাডায় বসবাসের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ফরাসি বা ইংরেজি যেকোনো একটি ভাষায় দক্ষতার প্রমাণ দাখিল করতে হবে।
ভাষাগত যোগ্যতার মাপকাঠি অবশ্য পেশার ধরন অনুযায়ী ভিন্ন হবে। ব্যবস্থাপনা কিংবা উচ্চ দক্ষতার পেশাগুলোর (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি লেভেল ৬ প্রয়োজন হবে। অন্যদিকে, টিইইআর ২ ও ৩ পর্যায়ের কাজের জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫ পর্যায়ের কাজের জন্য সিএলবি ৪ মানের ভাষাগত দক্ষতা চাওয়া হয়েছে।
বিদেশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইসিএ বা এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্টের প্রয়োজন হতে পারে। তবে বর্তমানে যারা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখানোর শর্তটি কিছুটা শিথিল করা হয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের প্রথমেই ১৪টি কমিউনিটির তালিকা থেকে নিজের পেশা ও যোগ্যতার সাথে মিলে যায় এমন চাকরির সন্ধান করতে হবে। এরপর অনুমোদিত কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব বা জব অফার পাওয়ার পর, নিয়োগকারী প্রতিষ্ঠানই কমিউনিটির কাছে প্রার্থীর সুপারিশপত্রের জন্য আবেদন জানাবে। কমিউনিটি থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই কেবল আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের চূড়ান্ত আবেদনটি জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, যেকোনো সাধারণ প্রতিষ্ঠানের জব অফার এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট কমিউনিটি কর্তৃক অনুমোদিত হতে হবে এবং ওই চাকরির পদটি স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত খাতের আওতাভুক্ত হতে হবে।
২০২৭ সালের লক্ষ্যমাত্রা
কানাডার ২০২৭-২০২৯ সালের সামগ্রিক অভিবাসন নীতির আওতায়, নতুন এই গ্রামীণ কর্মসূচির মাধ্যমে ২০২৭ সালে মোট ৫ হাজার ৫০০ জন বিদেশি কর্মীকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কানাডা সরকারের মূল উদ্দেশ্য হলো, বড় শহরগুলোর বাইরেও দক্ষ জনশক্তির বিস্তার ঘটানো এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর অর্থনীতিকে আরও মজবুত করা।
আইআরসিসির দেওয়া পরিসংখ্যান বলছে, এর আগে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে সাড়ে ১২ হাজারের বেশি মানুষ সপরিবারে কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পেয়েছিলেন। আর বর্তমানে চলমান পাইলট প্রজেক্টের আওতায় এখন পর্যন্ত প্রায় দুই হাজার নিয়োগকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে এবং চার হাজার সাতশোর বেশি চাকরির প্রস্তাব ও সুপারিশপত্র ইস্যু করা হয়েছে।
পুরোনো আবেদনকারীদের ভবিষ্যৎ
বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রকল্পটি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাবে। তবে এর অধীনে ইতোমধ্যে জমা পড়া আবেদনগুলোর যাচাই-বাছাই প্রক্রিয়া যথারীতি চলতে থাকবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিউনিটির সুপারিশপত্র হাতে পেয়েছেন, তাদের সুপারিশপত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই পিআর-এর আবেদন জমা দিতে হবে।
কানাডা সরকারের এই নতুন পদক্ষেপটিকে গ্রামীণ এলাকার জনবল সংকট কাটানো এবং অভিবাসীদের বড় শহরের বাইরে ছড়িয়ে দেওয়ার একটি সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আবেদন করার আগে আগ্রহী প্রার্থীরা যেন সংশ্লিষ্ট কমিউনিটির শর্তাবলি, চাকরির তালিকা ও নিয়োগকর্তার অনুমোদনের বিষয়টি ভালোভাবে যাচাই করে নেন।